বিজ্ঞান দিবসে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার শিক্ষার্থীদের
“আন্তর্জাতিক বিজ্ঞান দিবসকে” কেন্দ্র করে ১০ নভেম্বর, বুধবার শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা করলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জলবায়ু রক্ষা এবং পরিবেশ দূষণ রোধকে প্রাধান্য দিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল এবং ঢাকা আইডিয়াল প্রিপারেটরী স্কুলের প্রায় ৩০০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং বিজ্ঞান জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারিরা এ অনুষ্ঠানে অংশ নেয়।
এ আয়োজনে “জলবায়ু রক্ষার্থে আমাদের করণীয়”, “পরিবেশ দূষণমুক্ত নগর জীবন”, এবং “সুশৃঙ্খল জীবন যাপন” শীর্ষক ৩টি পৃথক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন,” পৃথিবীর ধনী রাষ্ট্রগুলো দূষণের জন্য দায়ী, বিশেষ করে চীন ও ভারতে যে পরিবেশ দূষণ ঘটছে তা’ বায়ু তাড়িত হয়ে আমাদের দেশের পরিবেশকে দূষিত করছে। তাই দূষণে ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে আমাদের পরিবেশ ক্ষতিপূরণ প্রাপ্য। তবে পরিবেশ সুরক্ষা শিক্ষার্থীসহ নাগরিকদের নৈতিক দায়িত্ব। দূষণ ঘটানো যাবেনা, বর্জ্য ফেলা যাবেনা, প্লাস্টিক পলিথিন ফেলা যাবেনা এ শপথ নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে।” অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি জনাব মুনীর হাসান বলেন, “ জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিশেষ করে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে, যা ভবিষ্যতে আমাদের দেশের জন্য জলবায়ু মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। ফলে আমাদের পরিবেশ বান্ধব হতে হবে”।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল রিয়েলিটি এবং ভ্রাম্যমাণ মুভিবাস প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এ প্রদর্শনীতে তারা সৌরজগতসহ মহাকাশের অনন্য নিদর্শন এবং বৈচিত্র্যপূর্ন ৪-ডি মুভি অবলোকন করে। এছাড়া শিক্ষার্থীরা জাদুঘর প্রাঙ্গণে স্থায়ী প্রদর্শনী সৌরবাগান, বিমান গ্যালারি, টাইটানিক জাহাজসহ প্রদর্শনী বস্তু পরিদর্শন করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সমবেতভাবে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে সৎ, শুদ্ধাচারী এবং পরিবেশ বান্ধব জীবন যাপনের অঙ্গীকার করে।